ঢাকার ধামরাইয়ে চানাচুর খাওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় রুবেল নামের এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকেলের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মো. রুবেল (৩০) উপজেলার কুল্লা ইউনিয়নের কাইজারকুন্ড এলাকার শাহজাহান খলিফার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক এবং মাদকাসক্ত বলেও জানা যায়।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার শুরু করে। শিশুর চিৎকারে প্রতিবেশী এক নারী ও তার শ্বশুর এগিয়ে আসলে শিশুটি ওই লম্পটের হাত থেকে রক্ষা পায়। পরে স্থানীয় জনতা অভিযুক্তকে মারধর করে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন