যশোরের মনিরামপুরে ইমামুল হোসেন (৫০) নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নাতনিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামের আব্দুল মতিনের দোকানের পেছনে এ ঘটনা ঘটে। নিহত ইমামুল হোসেন ঝিকরগাছা উপজেলার ফরাসাতপুর গ্রামের মৃত রহিম সর্দারের ছেলে। তার মরদেহ বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের ভাগ্নে সাদ্দাম হোসেন জানান, ইমামুলের নাতনি সুমাইয়াকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল ফরাসাতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাব্বি। গত বৃহস্পতিবার তাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকিও দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদ করায় রাব্বি ও তার সহযোগীরা ইমামুলের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।
সোমবার রাত ৯টার দিকে রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামের আব্দুল মতিনের দোকানের পেছনে একা পেয়ে রাব্বি, রবিউল, হুসাইন, মেহেদীসহ কয়েকজন ইমামুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ইমামুলকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মনিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে ইমামুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন