দেশের চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে পরিবর্তন এনেছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলো হলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক এস এম হেমায়েত জাহান। তিনি এর আগে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন। বর্তমান উপাচার্য কাজী রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার মূল পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। এ পদ থেকে মো. শহিদুল ইসলামকে অব্যাহতি দিয়ে তার মূল পদে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিনা আখতার। বিদায়ী উপাচার্য অধ্যাপক এস এম হাসান তালুকদারকে অব্যাহতি দিয়ে মূল কর্মস্থলে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, নবপ্রতিষ্ঠিত লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ হানিফ। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিযুক্ত চার উপাচার্যের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন