লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিয়াকত আলী লাদেন (১৬) নামে এক মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (৮ জুন) রাতে উপজেলার সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত লিয়াকত আলী লাদেন সারপুকুর ইউনিয়নের বালাটারী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে একই ইউনিয়নের দাসপাড়া গ্রামের জুয়েলের ছেলে রাব্বির সঙ্গে লাদেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাব্বি আপত্তিকর মন্তব্য করলে লাদেন তাকে চড়-থাপ্পড় দেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোমবার রাতে সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একা বসে ছিলেন লাদেন। এ সময় রাব্বির বড় ভাই রকি পেছন দিক থেকে এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আদিতমারী থানার ওসি নাজমুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান আছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন