নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতার প্রতিবাদে গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২২ জুন) বিকেলে কোনাবাড়ী বিসিক ১ নম্বর গেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ ও দাবির কথা তুলে ধরেন। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী সরকার এবং সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সবসময় সোচ্চার রয়েছে। তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুজ্জামান রফিক, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমজাত সরকার, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলাম সরকার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বারেক সরকার, কোনাবাড়ী থানা যুবদলের সদস্য সচিব মো. আজিজুল ইসলাম আজিজ, কোনাবাড়ী থানা বিএনপির দপ্তর সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন এবং ১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম লিটনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতা দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে। তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলা এবং জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন জোরদারের আহ্বান জানান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন