ময়মনসিংহের ফুলপুরে দুই মিনিটের বিক্ষোভ মিছিলের ভিডিও করে সড়ক ছেড়ে পালিয়ে যায় নিষিদ্ধ ছাত্রলীগ। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দেয়।
সোমবার (২২ জুন) ফুলপুর উপজেলার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের হোসেনপুর কলেজের সামনে দুই মিনিটের বিক্ষোভ মিছিল করার ঘটনা ঘটে। দুই মিনিটের বিক্ষোভ মিছিলটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দেয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ফুলপুর উপজেলার শাখার উদ্যোগে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে শ্লোগানে বিক্ষোভে বলা হয়, শুভ শুভ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন, শরীফ ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আইতাছে রে আইতাছে, শেখের বেটি আইতাছে।
বিক্ষোভে নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওন। এতে উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জুয়েল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মিলন, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রানা, পৌর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সোহেল ইমরান, উপজেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান হৃদয়সহ প্রমুখ।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওন বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দমিয়ে রাখা সম্ভব নয়। দিন যাচ্ছে আওয়ামী লীগ অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে। ইনশাআল্লাহ এই আধার কেটে যাবে। জননেত্রী শেখ হাসিনাকে এদেশের মানুষের জন্যই ফিরতে হবে, এবং উনি ফিরবেই।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, বিক্ষোভের ঘটনাটি জানতে পেরেছি। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন