চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ ৬১ হাজার টাকা মূল্যের অবৈধ বিদেশি বিয়ার, মদ ও সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত ২টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানার চরপাড়া ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় এলাকায় তল্লাশি চালিয়ে একটি বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ৫৩ লাখ ৬১ হাজার টাকা মূল্যের বিদেশি মাদকদ্রব্য ও তামাকজাত পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ৭৬৫ ক্যান বিদেশি বিয়ার, ৭৪ বোতল ভদকা, ৮৮ বোতল হুইস্কি এবং ৪ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট।
কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে জড়িত চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা বিদেশি মদ, বিয়ার ও সিগারেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
সংস্থাটি আরও জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন