দীর্ঘ ২২ বছর সৌদি আরবে কর্মরত থাকার পর চিরদিনের জন্য দেশে ফিরলেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবিরহাট এলাকার খাদেমপাড়ার বাসিন্দা প্রবাসী মো. শফিউল আলম। তবে জীবিত নয়, তার নিথর মরদেহই ফিরেছে স্বজনদের কাছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে সৌদি আরবে নিজ বাসভবনে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন শফিউল আলম। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া।
গতকাল শনিবার (৪ জুলাই) মরহুম শফিউল আলমের মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ সীতাকুণ্ড উপজেলার মাদামবিবিরহাট এলাকার খাদেমপাড়ায় নিজ বাড়িতে নেওয়া হয়। প্রিয়জনের মরদেহ একনজর দেখতে বাড়িতে ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম শফিউল আলমকে দাফন করা হয়।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় প্রবাসে থেকে পরিবার-পরিজনের সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য নিরলস পরিশ্রম করা এই প্রবাসীর মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও স্থানীয়রা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন