× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৪:৪৯ পিএম

২৩ কোটি টাকার শিশু পার্কে বদলাবে শিবচরের বিনোদন চিত্র

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৪:৪৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

দীর্ঘদিনের বিনোদন সংকট কাটিয়ে মাদারীপুরের শিবচর উপজেলায় চালু হতে যাচ্ছে আধুনিক শিবচর পৌর শিশু পার্ক। প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে ময়না কাটা নদীর তীরে নির্মিত এ পার্কের ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিশুদের মানসিক বিকাশ ও বিনোদনের পাশাপাশি স্থানীয়দের অবসর কাটানোর নতুন কেন্দ্র হিসেবে আগামী মাসেই পার্কটি চালু হতে যাচ্ছে। পার্কটি চালু হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।

পৌরসভা সূত্রে জানা গেছে, শিবচর পৌরসভার বড় দোয়ালী এলাকায় ময়না কাটা নদীর তীরে প্রায় ৫ একর জমির ওপর পার্কটি নির্মাণ করা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে প্রথম ধাপে ১৬ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ শুরু হয়। পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় ধাপে আরও ৬ কোটি ৫৬ লাখ টাকার উন্নয়নকাজ যুক্ত করা হয়। সব মিলিয়ে প্রকল্পটির ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৩ কোটি টাকা। চলতি জুন মাসেই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে অধিকাংশ অবকাঠামোগত কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সংযোগসহ কিছু আনুষঙ্গিক কাজ শেষ করার প্রস্তুতি চলছে।

শিশু-কিশোর ও পরিবারের সদস্যদের বিনোদনের জন্য পার্কে রাখা হয়েছে নাগরদোলা, জাম্পিং ক্যাঙ্গারু, বাম্পার কার, হ্যাপি সুইং, বিশাল যান্ত্রিক দোলনা, লাইন ডি মুভি রাইডসহ মোট ১৪টি আধুনিক রাইড। রাজধানীর বিজয়নগরের ঠিকাদারি প্রতিষ্ঠান শরীফ অ্যান্ড সন্স নির্মাণকাজ বাস্তবায়ন করছে।

এখনো আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও পার্কটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। ঘুরতে আসা দর্শনার্থী সানজিদা আক্তার লামিয়া বলেন, প্রত্যন্ত একটি এলাকায় এত বড় ও আধুনিক পার্ক নির্মাণ হবে, তা কখনো ভাবিনি। বাইরে থেকেই পার্কটির সৌন্দর্য মুগ্ধ করেছে। উদ্বোধন হলে পরিবারের সদস্যদের নিয়ে এখানে ঘুরতে আসার ইচ্ছা রয়েছে। আমরা চাই, দ্রুত পার্কটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক।

স্কুল পড়ুয়া শিক্ষার্থী জুনায়েত বলেন, বিকেল হলেই বন্ধুদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে বের হই। কিন্তু শিবচরে ভালো কোনো বিনোদনকেন্দ্র না থাকায় তেমন আনন্দ করা যায় না। নতুন এই পার্কটি চালু হলে বন্ধুদের নিয়ে নিয়মিত এখানে আসব। বিভিন্ন রাইডে চড়ব, ঘুরে বেড়াব এবং সুন্দর সময় কাটাতে পারব।

শিবচরের ব্যবসায়ী মোস্তাক আহমেদ বলেন, শিবচরে বিনোদনের তেমন কোনো স্থান নেই। এই পৌর শিশু পার্ক চালু হলে উপজেলাবাসীর বিনোদনের খোরাক হবে। তাই এটি দ্রুত চালুর দাবি জানাচ্ছি। পাশাপাশি প্রতিটি রাইডের ফি যেন সাধারণের নাগালের মধ্যে থাকে, সে ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

শিবচর পৌরসভার প্রশাসক শাইখা সুলতানা বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন দিনরাত সমানতালে কাজ করছেন। জুনের মধ্যেই প্রকল্পের সব কাজ সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী। এরপর দ্রুত পার্কটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

Link copied!