যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (৫ জুলাই) পিজিআর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পৃথক সময়ে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিন সকাল ৯টায় রাষ্ট্রপতি পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, পিজিআরের কমান্ডার এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার। এ সময় পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে।
পরে রাষ্ট্রপতি পিজিআরের কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) ও অন্যান্য সদস্যদের উদ্দেশে দরবারে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্যের শুরুতে তিনি পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের পাশাপাশি ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাতের সময় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পাঁচ শহীদ সদস্য এবং বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে প্রাণ উৎসর্গকারী সকল সৈনিককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি বলেন, পিজিআরের সদস্যরা নিজেদের আরও দক্ষ, পেশাদার ও আধুনিক মানবসম্পদ হিসেবে গড়ে তুলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতকরণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এটাই জাতির প্রত্যাশা।
দুপুর ১২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান ও পিজিআরের কমান্ডার। এ সময় পিজিআরের একটি চৌকস দল তাঁকেও রাষ্ট্রীয় সালাম প্রদান করে।
পরে শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে প্রধানমন্ত্রী উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বক্তব্য রাখেন। তিনি পিজিআরের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে পরিশ্রম, দক্ষতা, কর্তব্যপরায়ণতা ও ত্যাগের ভূয়সী প্রশংসা করেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অবদানের স্বীকৃতি দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসাসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন