× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০২:২৬ পিএম

জুনে সড়কে ঝরল ৪৩৮ প্রাণ, নিহতদের প্রায় এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০২:২৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশে গত জুন মাসে সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫৬১ জন। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে মোট ৪৭২টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ৪৪ জন নারী ও ৫৬ জন শিশু রয়েছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, মোট নিহতদের প্রায় এক-তৃতীয়াংশই মোটরসাইকেলের চালক বা আরোহী। এছাড়া পথচারী হিসেবে প্রাণ হারিয়েছেন ৯১ জন, যা মোট মৃত্যুর প্রায় ২০ দশমিক ৭৭ শতাংশ। বিভিন্ন যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৭ জন।

রোববার (৫ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত মাসিক দুর্ঘটনা বিশ্লেষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্র, ইলেকট্রনিক গণমাধ্যম এবং সংস্থাটির নিজস্ব তথ্যের সমন্বয়ে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে মোটরসাইকেল জড়িত ১৪৫টি দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর প্রায় ৩১ শতাংশ। এছাড়া পথচারী হিসেবে ৯১ জন এবং বিভিন্ন ধরনের যানবাহনের চালক ও সহকারী মিলিয়ে ৫৭ জন প্রাণ হারিয়েছেন।

যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, থ্রি-হুইলার—যেমন ইজিবাইক, সিএনজি অটোরিকশা ও অন্যান্য অটোরিকশার যাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ১১২ জন নিহত হয়েছেন। বাস দুর্ঘটনায় প্রাণ গেছে ২৭ জনের। অন্যদিকে ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ ও ট্রলির যাত্রী বা আরোহীদের মধ্যে নিহত হয়েছেন ৩৭ জন।

দুর্ঘটনার স্থান বিশ্লেষণে দেখা যায়, আঞ্চলিক সড়কেই সবচেয়ে বেশি ১৯৪টি দুর্ঘটনা ঘটেছে। এরপর জাতীয় মহাসড়কে ১৫১টি, গ্রামীণ সড়কে ৬৪টি এবং শহরের বিভিন্ন সড়কে ৫৭টি দুর্ঘটনা নথিভুক্ত হয়েছে।

দুর্ঘটনার কারণ বিশ্লেষণে দেখা গেছে, যানবাহনের নিয়ন্ত্রণ হারানো ছিল সবচেয়ে বড় কারণ। এ ধরনের ২০৬টি দুর্ঘটনা ঘটেছে। এছাড়া মুখোমুখি সংঘর্ষের ঘটনা ছিল ১০৯টি, পথচারীকে ধাক্কা বা চাপা দেওয়ার ঘটনা ৯৭টি এবং অন্য যানবাহনের পেছনে ধাক্কা লেগে ঘটেছে ৫৩টি দুর্ঘটনা।

সময়ভিত্তিক তথ্য বলছে, সকালেই সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনার প্রায় ৩১ শতাংশ। এরপর পর্যায়ক্রমে দুপুর, রাত ও বিকালে দুর্ঘটনার সংখ্যা বেশি ছিল।

বিভাগভিত্তিক হিসেবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১১৬টি দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়েছেন। বিপরীতে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে। সেখানে ১৯টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। রাজধানী ঢাকায় জুন মাসে ৩২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন।

এদিকে জুন মাসে সড়ক দুর্ঘটনার পাশাপাশি ৯টি নৌ দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। একই সময়ে ২১টি রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন আরও ৭ জন।

রোড সেফটি ফাউন্ডেশনের মতে, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়কব্যবস্থা, অতিরিক্ত গতি, চালকদের অদক্ষতা ও দীর্ঘ কর্মঘণ্টা, মহাসড়কে ধীরগতির যান চলাচল, তরুণদের ঝুঁকিপূর্ণ মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন অমান্য, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং পরিবহন খাতে চাঁদাবাজি সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। দুর্ঘটনা কমাতে সংস্থাটি জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, বিআরটিএসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংস্কার, আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার, মেয়াদোত্তীর্ণ যানবাহন অপসারণ, দক্ষ চালক তৈরি এবং জনসচেতনতা বৃদ্ধিসহ ১২ দফা সুপারিশ করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!