সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম কঠিন পাহাড়ি দৌড় প্রতিযোগিতা গোর্নারগ্রাট জ্যারমাট আন্তর্জাতিক আল্ট্রা ম্যারাথনে অংশ নিয়ে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড়িয়েছেন জার্মানি প্রবাসী বাংলাদেশি দৌড়বিদ শিব শংকর পাল। এ প্রতিযোগিতার মাধ্যমে তিনি তার ব্যক্তিগত ১৪১তম আন্তর্জাতিক ম্যারাথন সফলভাবে সম্পন্ন করেছেন।
শনিবার (৪ জুলাই) সুইজারল্যান্ডের জ্যারমাটে আয়োজিত এই আন্তর্জাতিক আল্ট্রা ম্যারাথনে বিশ্বের প্রায় ৭০টি দেশের হাজারো দৌড়বিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। কঠিন পাহাড়ি পথ অতিক্রম করে গন্তব্যে পৌঁছে বাংলাদেশের পতাকা কাঁধে তুলে ধরেন ঢাকার নবাবগঞ্জের সন্তান শিব শংকর পাল, যা উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।
জ্যারমাট ম্যারাথনটি ৪২ দশমিক ২ কিলোমিটারের পূর্ণাঙ্গ ম্যারাথন এবং ৫০ কিলোমিটারের আল্ট্রা ম্যারাথন—দুই বিভাগে অনুষ্ঠিত হয়। মাতারহর্ন পর্বতের পাদদেশ ঘেঁষে তৈরি এই রুটে দৌড়বিদদের প্রায় ৩ হাজার ৮৯ মিটার উচ্চতায় পৌঁছাতে হয়। আল্ট্রা ম্যারাথনের অংশগ্রহণকারীদের শেষ দিকে আরও ৩ দশমিক ৪ কিলোমিটার পথ এবং অতিরিক্ত ৫১৪ মিটার উচ্চতা অতিক্রম করতে হয়, যা প্রতিযোগিতাটিকে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং ম্যারাথনগুলোর একটি হিসেবে পরিচিত করেছে।
প্রতিযোগিতার যাত্রা শুরু হয় শান্ত পাহাড়ি গ্রাম সেন্ট নিকোলাউস থেকে। এরপর টেশ হয়ে বিশ্বের অন্যতম সুন্দর পাহাড়ি শহর জ্যারমাট অতিক্রম করে রিফেলবার্গ পেরিয়ে গোর্নারগ্রাটের পাদদেশে ফিনিশ লাইনে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে আল্পস পর্বতমালার অপরূপ সৌন্দর্য এবং মহিমান্বিত মাতারহর্ন দৌড়বিদদের অনুপ্রেরণা জুগিয়েছে।
ম্যারাথন শেষে অনুভূতি প্রকাশ করে শিব শংকর পাল বলেন, ‘আজ প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছিল। আকাশ ছিল সম্পূর্ণ মেঘহীন, বরফও ছিল খুবই কম। ফলে মাতারহর্নকে এতটা স্পষ্ট ও মহিমান্বিত রূপে আমি আগে খুব কমই দেখেছি। মনে হচ্ছিল, স্বর্গের কোনো দেবী নীরবে দাঁড়িয়ে আছেন, আর তার আশীর্বাদের ছায়াতেই আমরা দৌড়ে চলেছি।’
ফিনিশিং লাইন অতিক্রম করার পর বাংলাদেশের পতাকা হাতে শিব শংকর পালকে অভিনন্দন জানান উপস্থিত দর্শক, পরিবারের সদস্য এবং সুইজারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। করতালির মধ্য দিয়ে তারা তার এই অর্জনকে স্বাগত জানান।
শিব শংকর পালের লক্ষ্য এখন শরীরকে সর্বোচ্চ ফিট রেখে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব অব্যাহত রাখা। তিনি জানান, আগামী লক্ষ্য ১৫০তম আন্তর্জাতিক ম্যারাথন সম্পন্ন করা। সেই স্বপ্ন পূরণে দেশ-বিদেশের সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেছেন এই অদম্য বাংলাদেশি দৌড়বিদ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন