রাঙামাটিতে আদালতে হাজিরা শেষে বের হওয়ার পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা এবং বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন আল মামুনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
রোববার (৫ জুলাই) দুপুরে রাঙামাটি আদালতপাড়া সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীন।
ওসি জানান, দুই নেতার অবস্থানের খবর পেয়ে আদালতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
পুলিশ ও বাঘাইছড়ি থানা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৬ আগস্ট বাঘাইছড়ি থানায় দায়ের হওয়া একটি মারামারি ও ভাঙচুর মামলায় বৃষকেতু চাকমাকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় হাজিরা দিতে রোববার তারা রাঙামাটি আদালতে আসেন। আদালতে হাজিরা শেষে বের হওয়ার পর আদালত প্রাঙ্গণের সামনে এবং আবাসিক হোটেল কসমসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার বাদী ছিলেন বাঘাইছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হাবিবুর রহমান (৩১)। পুলিশ জানিয়েছে, মামলাসংক্রান্ত আইনি কার্যক্রমের অংশ হিসেবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন