লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পারিবারিক বিরোধের জেরে অনুষ্ঠিত এক সালিশি বৈঠকে বাগবিতণ্ডার পর নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আশিক সম্পর্কে ওই বৃদ্ধের নাতি। আহত অবস্থায় নজরুল ইসলামকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যাহ পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নজরুল ইসলাম রশিদপুর এলাকার মৃত খলিলুর রহমান পাটওয়ারীর ছেলে। অভিযুক্ত আশিক একই এলাকার ইসমাইল হোসেন ফারুকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন ফারুক ও তার স্ত্রী আয়েশা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এ বিরোধ মীমাংসার জন্য শনিবার সকালে স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ফারুকের চাচা নজরুল ইসলামসহ স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন।
বৈঠকের একপর্যায়ে আয়েশা বেগমের সঙ্গে উপস্থিত ব্যক্তিদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে তিনি মোবাইল ফোনে ঢাকায় অবস্থানরত ছেলে আশিককে বিষয়টি জানান। খবর পেয়ে আশিক সন্ধ্যায় এলাকায় এসে ঘটনাকে কেন্দ্র করে আবারও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি নজরুল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে নজরুল ইসলামের বাম হাতের কব্জির ওপর গুলি লাগে। ঘটনার পর আশিক পালিয়ে যান।
ইসমাইল হোসেন ফারুক বলেন, আশিক আমার চাচাকে গুলি করেছে। সে ঢাকায় ছিল। তার মা তাকে ফোন করে এলাকায় নিয়ে এসেছে। এখন আমাকেও হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
গুলিবিদ্ধ নজরুল ইসলাম বলেন, ফারুক আমাকে সালিশে ডেকে নিয়েছিল। বৈঠকে ফারুকের স্ত্রী আয়েশা উত্তেজিত হয়ে ওঠেন এবং কারও কথা শুনতে রাজি ছিলেন না। এ নিয়ে কথা-কাটাকাটির জের ধরে আশিক এসে আমাকে গুলি করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার শামিম মোহাম্মদ আফজাল জানান, গুলিবিদ্ধ অবস্থায় বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছে। তার এক্স-রে করার পর শরীরের ভেতরে গুলি রয়েছে কি না তা নিশ্চিত হওয়া যাবে। উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালীতে রেফার করা হয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন