সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার আরও দুই সহপাঠী। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৫ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর–বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম সাকিব আহমদ (১৬)। তিনি উপজেলার নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে। আহতরা হলেন রায়হান আহমেদ (রাহুল) (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে এবং জয় (১৬), লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে। তারা তিনজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও সহপাঠী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চলমান অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে জাফলং চা বাগান এলাকায় ঘুরতে যান। পরে রাধানগর বাজারের দিকে যাওয়ার সময় দ্রুতগতির কারণে তাদের বহনকারী পালসার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনায় সাকিব আহমদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত অপর দুই শিক্ষার্থীকে উদ্ধার করে সিলেটের কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তাদের অবস্থাও আশঙ্কাজনক।
গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আরও দুইজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন