চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ রিসাইক্লিং শিল্প পরিদর্শনে গিয়ে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের শিপ রিসাইক্লিং শিল্পের পূর্বের গৌরব পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ শিল্পের উদ্যোক্তারা যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন না হন, সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) সীতাকুণ্ডে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ, আরব শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং লিমিটেড এবং এস এন করপোরেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিপ ব্রেকিং শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সব প্রতিষ্ঠানকে গ্রিন লাইসেন্স গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
তিনি আরও বলেন, দেশের শিল্প-কারখানায় জ্বালানি সংকট নিরসনে সরকার একটি ক্র্যাশ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে। দীর্ঘদিনের এ সংকট রাতারাতি সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট শিপ রিসাইক্লিং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন