কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও গরুবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপে থাকা ৬টি গরুও মারা গেছে।
সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দাই গ্রামের বিল্লাল (৩৫), খুরশেদ (৬০) এবং পিকআপচালক একই গ্রামের খোকন (৩৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সুখিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপে থাকা তিনজন নিহত হন। এ সময় আরও দুজন গুরুতর আহত হন।
খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নূর মোহাম্মদ সারোয়ার হোসেন জানান, দুর্ঘটনার পর পিকআপের ভেতরে আটকে পড়া কয়েকজনকে উদ্ধার করা হয়। নিহত তিনজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন