গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধ মীমাংসার সালিশে অংশ নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে গিয়ে আব্দুর রাজ্জাক (৬৪) নামে এক সালিশকারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার তারাপুর ইউনিয়নের চাচীয়া মীরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত খায়রুজ্জামানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের দেলদার হোসেনের ছেলে গোলজার হোসেন ও তার চাচাতো ভাই আমজাদ হোসেনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার লক্ষ্যে উভয় পক্ষের সম্মতিতে প্রতিবেশী সাজু মিয়ার বাড়ির উঠানে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।
সালিশ চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সালিশকারী আব্দুর রাজ্জাক পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই আতোয়ার রহমান পাঁচজনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৈয়ব আলী জানান, মামলায় অভিযুক্তরা হলেন গোলজার হোসেন, তার স্ত্রী মঞ্জুয়ারা (৫৬), ছেলে লিটন মিয়া (২৮), রিপন মিয়া (২০) এবং মেয়ে রত্না বেগম (৩০)।
সোমবার (৬ জুলাই) বিকেলে সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমান-উল্লাহ জানান, এজাহারভুক্ত পাঁচ আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার বিষয়ে একটি হত্যা মামলা রুজু হয়েছে এবং পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন