শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করে তুলতে কুষ্টিয়ার জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে ‘বই পড়া প্রতিযোগিতা’র উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং প্রতিষ্ঠানের সভাপতি মো. তৌহিদ বিন-হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মিজানুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহা।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান বলেন, বই জ্ঞানের প্রদীপ। জ্ঞান বৃদ্ধির জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। যে যত বেশি বই পড়বে, সে তত বেশি আলোকিত হবে।
তিনি বলেন, বই পড়া শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃষ্টিশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, বই মানুষের মনকে প্রফুল্ল রাখে এবং মানসিক প্রশান্তি দেয়। তাই বই পড়াকে দায়িত্ব হিসেবে নয়, বরং আনন্দের সঙ্গে গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের জ্ঞানপিপাসা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, যা কিছু মহান, শ্রেষ্ঠ ও কল্যাণকর—তার অনেক কিছুই বইয়ের মধ্যে পাওয়া যায়। নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করতে বই পড়ার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (বাংলা) মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুন্সী মো. নাহিয়ান সাদমান এবং পবিত্র গীতা পাঠ করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী স্বপ্নিল পাল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন