ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে বিকেএসপির একটি ফিজিবিলিটি (সম্ভাব্যতা যাচাই) টিম। কেন্দ্রটি প্রতিষ্ঠিত হলে তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের আধুনিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (৬ জুলাই) বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল গোলাম মাবুদ হাসান, পিএসসি'র নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল উপজেলার সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।
এ সময় প্রতিনিধি দল ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে উপজেলার মোহাম্মদপুর আবাসন প্রকল্প সংলগ্ন সরকারি খাস জমি ঘুরে দেখেন। যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সম্ভাবনা বিবেচনায় স্থানটি সম্পর্কে প্রাথমিকভাবে সন্তোষ প্রকাশ করেন তারা।
পরিদর্শনকালে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, শৈলকুপায় বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হবে। স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রা নিজ এলাকায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ পাবে। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির পাশাপাশি যুবসমাজ আরও ক্রীড়ামুখী হয়ে উঠবে।
সংশ্লিষ্টরা জানান, বিকেএসপির এ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়িত হলে শুধু শৈলকুপাই নয়, ঝিনাইদহ, কুষ্টিয়াসহ আশপাশের জেলার প্রতিভাবান ক্রীড়াবিদদের জন্যও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তৃণমূল থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলার ক্ষেত্রে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন