গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে ঝিনাইদহের শৈলকুপায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, কৃষিই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। সরকারের কৃষিবান্ধব বিভিন্ন প্রণোদনা কৃষকদের উৎপাদনে আরও উৎসাহিত করবে। আধুনিক কৃষি প্রযুক্তি ও সরকারি সহায়তার সমন্বয়ে নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি কৃষকদের অর্থনৈতিক অবস্থারও উন্নয়ন হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, খরিপ মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের মাঝে সবজি বীজ, ডিএপি সার ও এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের প্রণোদনা কৃষকদের চাষাবাদে আগ্রহ বাড়াবে এবং স্থানীয় পর্যায়ে সবজি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন