সিলেটের বিশ্বনাথে হাওরে মাছ ধরতে গিয়ে মেহরাব আলী নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেলে পৌরশহরের ভোগশাইল গ্রামের দক্ষিণের হাওর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতে তাঁর মৃত্যু হয়েছে।
নিহত মেহরাব আলী (৪২) উপজেলার রামপাশা ইউনিয়নের কাটলিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি চার সন্তানের জনক। পরিবার নিয়ে পৌরশহরের ভোগশাইল গ্রামে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। দিনমজুরের কাজ করেই চলত তাঁর সংসার।
স্থানীয় বাসিন্দা ও আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী সাহাব উদ্দিন বাবলু বলেন, বুধবার সকালে মেহরাব আলী মাছ ধরতে হাওরে যান। পরে স্থানীয় লোকজন হাওরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়েছে।
নিহতের স্ত্রী আয়মনা বেগম বলেন, সকালে মাছ ধরতে যাওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে এক ব্যক্তি এসে তাঁর স্বামী হাওরে পড়ে থাকার খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে স্বামীর মরদেহ দেখতে পান। তিনি জানান, এর আগে তাঁর স্বামী একবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
বিশ্বনাথ থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাকৃতিক কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন