বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এডুকেশনের উদ্যোগে 'মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় সংকট বিশ্লেষণ' শীর্ষক একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি ও জটিল একটি চ্যালেঞ্জ। মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিলেও তাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য কার্যকর আন্তর্জাতিক ও কূটনৈতিক উদ্যোগ জরুরি। সংকট দীর্ঘায়িত হলে দেশের পরিবেশ, অর্থনীতি, শ্রমবাজার, সামাজিক স্থিতিশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর নেতিবাচক প্রভাব আরও বাড়বে বলেও তিনি উল্লেখ করেন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু কর্মমুখী শিক্ষা প্রদান নয়; মানবিক মূল্যবোধ, মুক্তচিন্তা, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক চর্চার বিকাশ ঘটানোও সমান গুরুত্বপূর্ণ। এ ধরনের সেমিনার ও একাডেমিক আলোচনা সমাজে সচেতনতা ও মানবিকতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্জন ও বহুমাত্রিক কর্মকাণ্ড আরও ব্যাপকভাবে তুলে ধরার আহ্বান জানান।
স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাউবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাউবির ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক ড. মো. আলী করিম। তিনি বলেন, রোহিঙ্গারা দক্ষিণ এশিয়ার অন্যতম আলোচিত ও সংকটাপন্ন নৃ-গোষ্ঠী। তাদের ইতিহাস, নৃ-তাত্ত্বিক পরিচয়, ভাষা, ধর্ম, সংস্কৃতি এবং রাজনৈতিক বাস্তবতা দীর্ঘদিন ধরে গবেষণা ও বিতর্কের বিষয়। তিনি রোহিঙ্গাদের ঐতিহাসিক পটভূমি, পরিচয় সংকট, রাষ্ট্রহীনতা, মানবিক বিপর্যয় এবং ভূ-রাজনৈতিক বাস্তবতা নিয়ে বিশদ বিশ্লেষণ উপস্থাপন করেন। পাশাপাশি রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষা এবং সংকট সমাধানে শিক্ষাবিদ ও গবেষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন স্কুল অব এডুকেশনের অধ্যাপক ড. সোয়াইব আহমেদ। আলোচনা শেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষক ও গবেষকরা রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন