ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি ও ইসলামী আন্দোলনসহ পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী।
শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের বৈধ ঘোষণা করেন বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
বৈধ প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত সাবেক এমপি মো. মোশারফ হোসেন, জামায়াতের মো. মোস্তফা ফয়সাল, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল ফারুক, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুহা. ইদ্রিস আলী।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম জানান, ‘বগুড়া-৪ আসনে রাজনৈতিক দল মনোনীত পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। হলফনামা ও অন্যান্য তথ্যসহ সকল কাগজপত্র সঠিক থাকায় কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।’



