বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকবিরোধী অভিযানে নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাবলেট ট্যাপেন্টাডল সেবনের দায়ে পাঁচজনকে অর্থদণ্ড ও কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরুখ খানের নেতৃত্বে এবং দুপচাঁচিয়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সেবনের সময় পাঁচজনকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ধাপ সুখানগাড়ী এলাকার আনোয়ার হোসেনের ছেলে মনির হোসেন (২৪), বড়ধাপ এলাকার আব্দুল আজিজের ছেলে আব্দুল জলিল (৫০), সঞ্জয়পুর এলাকার শাহিনুর রহমানের ছেলে ফাইম প্রাং (২৮), রিয়াজুল ইসলামের ছেলে হোসাইন (২৫) এবং শরিফ উদ্দিনের ছেলে আজিজুল হাকিম সৈকত (৩৩)।
মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়।
দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, আদালতের রায় কার্যকর করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন