ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদের দ্বিতীয় দিনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৮:৪৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ঈদের দ্বিতীয় দিনে সিএনজি, বাসসহ বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বিশেষ করে চাতরী চৌমুহনী বাজার এলাকায় যাত্রীদের কাছ থেকে স্বাভাবিকের তুলনায় বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। রোববার (২২ মার্চ) বিকেলে সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা যায়।

স্থানীয়দের ভাষ্য, ঈদ উপলক্ষে আত্মীয়-স্বজনের বাড়িতে যাতায়াত বেড়ে যাওয়ায় এই সুযোগে চালকেরা বাড়তি ভাড়া দাবি করছেন। উপজেলার বিভিন্ন রুটেই একই অবস্থা বিরাজ করছে।

চাতরী চৌমুহনী বাজার থেকে বাঁশখালীগামী যাত্রী মো. সাব্বির বলেন, আমি শহর থেকে এসে আত্মীয়ের বাড়িতে যাচ্ছি। সাধারণত এই পথে ভাড়া ৬০ টাকা, কিন্তু আজ ঈদের কারণে ১২০ টাকা দাবি করা হচ্ছে। ১০-২০ টাকা বাড়তি হলে বুঝতাম, কিন্তু দ্বিগুণ ভাড়া নেওয়া অযৌক্তিক।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কয়েকজন সিএনজি চালক। তাদের দাবি, ঈদের দিনে যাত্রীচাপ বেশি থাকায় সামান্য ভাড়া বাড়ানো হচ্ছে। এক চালক বলেন, ঈদের দিনে ১০-২০ টাকা বেশি না নিলে চলে না। অনেকেই স্বেচ্ছায় দেন। আমরা অতিরিক্ত ভাড়া নিচ্ছি না।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ভাড়া নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।