ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কর্ণফুলীতে তেলের পাম্পে ভিড়, সীমিত সরবরাহে দুর্ভোগ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ১২:৪৫ পিএম
তেলের জন্য মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বরউঠান এলাকায় একটি তেলের পাম্পে সীমিত পরিমাণ জ্বালানি সরবরাহকে কেন্দ্র করে শত শত মোটরসাইকেল চালকদের ভিড় ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টা থেকে সরেজমিনে দেখা যায়, ‘শরাফত এন্ড  ব্রাদার্স’ নামে একটি পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন চালকেরা।

পাম্পটিতে ‘যমুনা’ ব্র্যান্ডের জ্বালানি বিক্রি করা হচ্ছে। তবে প্রত্যেক মোটরসাইকেলে ২০০ থেকে ৩০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

মোটরসাইকেল চালক মো. সাইফুল বলেন, ‘সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, প্রায় আধাঘণ্টা হয়ে গেছে। আমার আগে আরও অনেকেই অপেক্ষা করছেন। ২০০-৩০০ টাকার তেল দেওয়া হচ্ছে। ৫০০ টাকার তেল দিলে আমাদের জন্য ভালো হতো। আমি চাকরি করি, কিন্তু তেলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে এখনো কর্মস্থলে যেতে পারিনি।

পাম্পটির এক কর্মচারী রাশেদ জানান, বর্তমানে তাদের কাছে প্রায় ৫০০ লিটার জ্বালানি মজুত রয়েছে। এই তেল শেষ না হওয়া পর্যন্ত সীমিত পরিমাণে সরবরাহ করা হচ্ছে। 

তিনি আরও বলেন, সবাই যেন তেল পায়, সেজন্য ২০০ থেকে ৩০০ টাকার বেশি কাউকে দেওয়া হচ্ছে না। এখানে অনেক মোটরসাইকেল লাইনে দাঁড়িয়ে আছে। অনেক মোটরসাইকেল আরোহী ঘরে বোতল করে তেল মজুত করছে।

স্থানীয়দের অভিযোগ, জ্বালানি সংকট ও সীমিত সরবরাহের কারণে এ ধরনের ভোগান্তি বাড়ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।