চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে ট্রাকের ধাক্কা রেল ক্রসিংয়ের উপর বিকল হয়ে পড়েছে একটি বালুবাহী ট্রাক। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটে রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এদিন সকালে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসটি মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকার মধ্যম সোনাপাহাড় এলাকায় পৌঁছালে বালুবোঝাই একটি ট্রাক অরক্ষিত লেভেল ক্রসিং অতিক্রম করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ উপপরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনায় ট্রেনের লোকোমোটিভ বা ইঞ্জিন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় ট্রাকটি রেললাইনের ওপর আটকে থাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। ট্রাকটি সরাতে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে।
এদিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণে সাগরিকা কমিউটার বড়তাকিয়া স্টেশনে, বিজয় এক্সপ্রেস চিনকি আস্তানা স্টেশনে, পর্যটক এক্সপ্রেস ফেনী স্টেশনে এবং সোনার বাংলা এক্সপ্রেস লাকসাম জংশন পার হয়ে আটকে আছে।

