বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে ধীরে ধীরে ফিটনেস ফিরে পাওয়ার পথে থাকলেও লিওনেল মেসিকে এই ম্যাচে খেলাননি কোচ লিওনেল স্কালোনি। ১০টি পরিবর্তন এনে দল সাজালেও শেষ পর্যন্ত বেঞ্চেই রাখা হয় আর্জেন্টাইন অধিনায়ককে। তবে তাতে কোনো প্রভাব পড়েনি ম্যাচের ফলাফলে, ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পুরো সময়জুড়ে আর্জেন্টিনাকে সমর্থন দেন গ্যালারিভর্তি দর্শকরা। কিন্তু পেশির ক্লান্তির কারণে মেসি মাঠে না নামায় দর্শকদের প্রত্যাশিত মুহূর্তটি দেখা যায়নি।
ম্যাচের ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেস। নিকোলাস তাগলিয়াফিকোকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় বিশ্বচ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। লাউতারোর ব্যাকহিল পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন অ্যাতলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড জিউলিয়ানো সিমিওনে।
এরপর স্কালোনি একাধিক পরিবর্তন আনলেও মেসিকে মাঠে নামাননি। গত ২৫ মে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় সামান্য চোট পান ৩৮ বছর বয়সী এই তারকা, এরপর থেকেই তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন।
ম্যাচের আগে মেসি সম্পর্কে স্কালোনি বলেন, ‘লিও ভালো আছে। সে দলের সঙ্গে অনুশীলন করেছে, যা ইতিবাচক। ধীরে ধীরে সে পুরোপুরি সেরে উঠছে। এই দুটি প্রস্তুতি ম্যাচের যেকোনো একটিতে তাকে খেলানো হতে পারে।’ তিনি আরও জানান, মেসির শারীরিক অবস্থায় উন্নতি হচ্ছে এবং দল তা নিয়ে স্বস্তিতে রয়েছে।
বিশ্বকাপে আগামী ১৬ জুন ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। এর আগে আগামী ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে স্কালোনির দল।

