চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরী এলাকায় এক প্রবাসীর গর্ভবতী স্ত্রীর খালি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। তবে ঘরে মূল্যবান কোনো জিনিসপত্র না পেয়ে চোরেরা ব্যবহার্য হাঁড়ি-পাতিল, শাড়ি, কাপড়চোপড় ও বিছানার চাদর নিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।
মঙ্গলবার রাত আনুমানিক ১টা থেকে ভোর ৪টার মধ্যে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝিউরী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে ভুক্তভোগীর ভাই সুমন দত্ত জানান, আমার ভাই রিপন দত্ত কাতারপ্রবাসী এবং তার স্ত্রী বিথি দত্ত (২৫) গর্ভাবস্থায় প্রয়োজনীয় সেবা ও পরিচর্যার জন্য তিনি কিছুদিন আগে চট্টগ্রাম শহরে বাবার বাড়িতে চলে যান। সেই সুযোগে দুর্বৃত্তরা তার খালি ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়। এ সময় ঘরে দামি কোনো জিনিসপত্র না থাকায় চোরেরা রান্নার কাজে ব্যবহৃত হাঁড়ি-পাতিল, শাড়িসহ প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী নিয়ে যায়।
এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন