বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পেকুয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মৌলভী ছাইদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ক্লাস টপার শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়ের সভাপতিত্বে ও সদস্যসচিব আবুল কাশেম নুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, ছাত্র-ছাত্রীরাই আগামীর বাংলাদেশের অগ্রগতি, প্রগতি ও সমৃদ্ধির ধারক-বাহক। প্রগতি ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে দেশের সমৃদ্ধি অর্জনকে লক্ষ্য-উদ্দেশ্য নির্ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, নারীদের যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায় না, তাদের পক্ষে এ দেশের নারী সমাজ থাকতে পারে না। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দলের প্রধান নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছে যেটা নিয়ে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। আমরাও এই বক্তব্যের প্রতিবাদ জানাই।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা এই অবমাননাকর বক্তব্য দিয়েছে তারা নারীদের ঘরে আবদ্ধ করে রাখতে চায় কর্মস্থলে যেতে দিতে চায় না, তারা নারীদের কর্মঘণ্টা কমিয়েছে। এ জাতীয় সংসদ নির্বাচনে ওই দল কোনো নারীদের মর্যাদা দেয়নি নারীদের কোনো আসন দেয়নি তারা নারীদের সাথে বৈষম্য করেছে। এ বাংলাদেশ ছোট ছেলে আনাস ও শহীদ ওয়াসিম আকরামের মতো ছেলেদের বুকের রক্ত বিলিয়ে দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পালাতে বাধ্য করেছে। 'সবার আগে বাংলাদেশ' স্লোগানকে ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি। আমি বাংলাদেশের পতাকা তোমাদের হাতে তুলে দিয়ে দেশ গড়ার অঙ্গীকার করছি। তিনি ওয়াসিম আকরামের স্মৃতি তুলে ধরে আবেগাপ্লুত হয়ে ওঠেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে একটি ভোট চেয়েছেন।
পরে তিনি সংবর্ধিত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, আনোয়ারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ উল্লাহ, পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মজিবুল হক চৌধুরী, পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেট এম মোসলেম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহাছান উল্লাহ, কৃষক দলের আহ্বায়ক আবু ছিদ্দিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকও সহকারী শিক্ষকগণসহ শিক্ষার্থীরা।

