ফরিদপুরের সালথায় বাজারের মধ্যে নিজের পেটে ছুরি ঢুকিয়ে জুবায়ের ব্যাপারী অরফে জুবা (৩০) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে এ ঘটনা ঘটে। জুবায়ের ব্যাপারী পুটিয়া গ্রামের আক্কাস ব্যাপারীর ছেলে।
স্থানীয়রা জানান, জুবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি কথা বলতে পারতেন না এবং মৃগীসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যে নিজের শরীরে নিজেই আঘাত করার প্রবণতাও ছিল।
নিহতের বাবা আক্কাস ব্যাপারী বলেন, সকালে বাজারে বাদশা কাকার আগমনের খবর শুনে জুবা ধীরে ধীরে বাজারের দিকে রওনা দেয়। পুটিয়া বাজারে মুরাদের দোকানের সামনে পৌঁছালে হঠাৎ মাটিতে পড়ে যায়।
মুরাদ নামের পুটিয়া বাজারের এক দোকানি জানান, তিনি দোকানের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় জুবা দোকানে থাকা পেঁয়াজ-মরিচ কাটার একটি ছুরি নিয়ে নিজের পেটে আঘাত করেন। প্রাথমিকভাবে গুরুতর রক্তক্ষরণ দেখা না গেলেও পরে তার বাবা তাকে বাড়িতে নিয়ে গেলে মৃত্যু হয়।
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, নিহত ওই ব্যক্তি ভারসাম্যহীন ছিল এবং দীর্ঘদিন অসুস্থ ছিল। আজ সকালে তিনি ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করে মৃত্যুবরণ করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান।
-20260130144502.webp)

