ফরিদপুরে আপন ছোট ভাইকে (মিন্টু) গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি প্রার্থী ডা. গোলাম কবিরের বিরুদ্ধে।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে জেলার বোয়ালমারী উপজেলার বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত বড় ভাই ডা. গোলাম কবির (৭২) জেলা কৃষক লীগের সহসভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির স্বাস্থ্যবিষয়ক সাবেক সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বহু বছর ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে গোলাম কবির ছোট ভাই মিন্টুকে চতুল ফায়ার সার্ভিসের পেছনে রেলগেটে ডেকে নিয়ে যান। সেখানে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে গোলাম কবির শটগান দিয়ে পরপর ছয়টি গুলি করলে মিন্টু মারা যান। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। তারা গোলাম কবিরকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির গাড়িটিও ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেইন বলেন, ২০ থেকে ২২ বছর ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আজ বুধবার সকালে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে গোলাম কবির তার লাইসেন্স করা শটগান বের করে ছোট ভাইকে গুলি করেন এবং ঘটনাস্থলেই ওই ভাই মারা যান। পরে স্থানীয় লোকজন গোলাম কবিরকে আটকে রেখে পুলিশে দেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

