ফরিদপুরের সদরপুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অ্যান্টিবায়োটিক রেজিস্টার হালনাগাদ না রাখা এবং ড্রাগ লাইসেন্স নবায়ন ছাড়া ফার্মেসি পরিচালনার দায়ে তিনটি ফার্মেসিকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা অবৈধ ওষুধ ধ্বংস করা হয়েছে।
রোববার (৩ মে) বিকেলে উপজেলার হাসপাতাল মোড় ও বাবুরচর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ছিল অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার হালনাগাদ না রাখা, ড্রাগ লাইসেন্স নবায়ন ছাড়া ফার্মেসি পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করা।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৫১ ধারা অনুযায়ী তিন ফার্মেসি মালিককে পৃথকভাবে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন—গোপালকৃষ্ণ সাহা (৪০), শরিফুল ইসলাম (৩৬) ও আবদুল মোতালিব।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সদরপুর থানা–পুলিশ সহযোগিতা করে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। এবার সতর্কতামূলকভাবে কম জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধে জড়িতদের বিরুদ্ধে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হতে পারে।

