গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে হামলাকারী ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) রাতে বাগদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন: নুরুজ্জামান মিয়া, মানিক মিয়া, সুজন মিয়া, মো. তাজুল, হাবিবুর রহমান ও সামিউল ইসলাম।
পুলিশ জানায়, রোববার রাতে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদকে গ্রেপ্তার করতে যায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ। এ সময় আওয়ামী লীগ নেতা ও তার লোকজন পুলিশের ওপর হামলা চালায় এবং বেধড়ক মারপিট করে। তারা পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। এতে গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মীর কায়েস এবং এসআই মমিনুল আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, ‘এ ঘটনায় এসআই আক্তারুজ্জামান বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে রাতেই মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হয়েছে, কিন্তু মূল আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সোমবার গ্রেপ্তারকৃতদের গাইবান্ধায় আদালতে পাঠানো হয়েছে।’



