ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্রিজ ভেঙে নদীতে, ৪ শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৭:৩৬ পিএম
ছবি- সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে থানার সামনে একটি ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এতে চার শিশুর মৃত্যু হয়েছে এবং আরও ১ শিশু নিখোঁজ রয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতি বছর ঈদের দিন এই ড্রাম ব্রিজ ও তৎসংলগ্ন এলাকায় হাজারো মানুষের সমাগম ঘটে। ব্রিজটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আজ বিকেলে অতিরিক্ত মানুষের চাপে হঠাৎ করে মাঝখান থেকে ব্রিজটি ভেঙে পড়ে। এতে ব্রিজে থাকা শতাধিক পর্যটক মুহূর্তেই উত্তাল নদে তলিয়ে যান। অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বেশ কিছু শিশু স্রোতের টানে ভেসে যায়। ঘটনাস্থলেই ৪ শিশুর মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ শিশুকে উদ্ধারে তল্লাশি এখনও চলছে।

এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ব্রহ্মপুত্র নদ সংলগ্ন এলাকা। স্থানীয়রা এই জরাজীর্ণ ব্রিজের সংস্কার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন।