ঋণখেলাপির অভিযোগে যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টি এস আইয়ুবের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসি সূত্র জানায়, এর আগে গত ৩০ ডিসেম্বর যশোরের রিটার্নিং অফিসারকে পাঠানো এক চিঠিতে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, টিএস আইয়ুবের নাম ঋণখেলাপি হিসেবে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) তালিকায় রয়েছে। এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে তার প্রার্থিতা গ্রহণ না করার অনুরোধ জানানো হয়।
ঢাকা ব্যাংকের ধানমন্ডি মডেল শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রিয়াদ হাসান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস এম রাইসুল ইসলাম নাহিদের স্বাক্ষরিত ওই চিঠিতে আইয়ুবকে ঋণখেলাপি এবং সিআইবি তালিকাভুক্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, টি এস আইয়ুব সাইমেক্স লেদার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার অংশবিশেষ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। পাশাপাশি তিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।


