ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেশার টাকা না পেয়ে বাবা-মাকে কোপাল ছেলে

যশোর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০১:২৪ পিএম
আহত বাবা-মা। ছবি : রূপালী বাংলাদেশ

যশোরে নেশার টাকা না পেয়ে বাবা-মাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রোববার (২৬ জানুয়ারি) গভীর রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর উপজেলার হৈবতপুর গ্রামের বাসিন্দা আছির উদ্দিন (৭০) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৬০)। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, আছির উদ্দিনের ছোট ছেলে সাদ্দাম একজন মাদকসেবী। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারে অশান্তি সৃষ্টি করতেন তিনি। রোববার গভীর রাতে বাবা-মার কাছে নেশার জন্য টাকা দাবি করেন সাদ্দাম।

টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষুব্ধ হয়ে প্রথমে লাঠি দিয়ে বাবা-মাকে পিটিয়ে আহত করেন। একপর্যায়ে তারা মাটিতে পড়ে গেলে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে জখম করেন।

আহত দম্পতির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সাদ্দাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আছির উদ্দিন ও রোকেয়া বেগমের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাদের মাথা ও হাতে আঘাত বেশি গুরুতর। বর্তমানে সার্জারি ওয়ার্ডে চিকিৎসা চলছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, পুলিশ সদস্যরা আহত দম্পতির সঙ্গে কথা বলেছেন। ঘটনার পর থেকে হামলাকারী ছেলে সাদ্দাম পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।