ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

যশোরে ধানের শীষের পক্ষে ১০ কিলোমিটার সাইকেল র‍্যালি

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:৩২ পিএম
ছবি- সংগৃহীত

যশোর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর পক্ষে দিনব্যাপী প্রচার চালিয়েছে ছাত্রদল। রোববার (৮ ফেব্রুয়ারি) যশোরের চৌগাছা উপজেলার ১১ নম্বর সুখপুকুরিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে প্রচারের অংশ হিসেবে ১০ কিলোমিটার দীর্ঘ একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ইসলামুল হক চঞ্চলের নেতৃত্বে আয়োজিত এ র‍্যালিতে শতাধিক সাইকেলে অংশ নেন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকেরা। র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত প্রচার সভায় নেতারা ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট ও সমর্থন চান।

প্রচারসভায় বক্তব্য রাখতে গিয়ে ইসলামুল হক চঞ্চল বলেন, ভোট কারচুপি কিংবা নির্বাচনকে ঘিরে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং নিজেদের মতামত প্রতিষ্ঠা করতে হবে। জনগণের ভোটের মাধ্যমেই জনপ্রতিনিধিদের জনগণের কাছে দায়বদ্ধ করা সম্ভব।

তিনি আরও বলেন, এটি শুধু একটি সংসদ নির্বাচন বা সরকার গঠনের বিষয় নয়—এটি রাষ্ট্র পুনর্গঠনের নির্বাচন। ভোটের মাধ্যমেই রাষ্ট্র সঠিক পথে পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালনায় নতুন পরিবর্তন আসবে এবং রাজনীতিতেও ইতিবাচক পরিবর্তন নিশ্চিত হবে।

ভোটারদের প্রতি অনুরোধ জানিয়ে চঞ্চল বলেন, রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণে প্রত্যেক নাগরিককে নিজেদের অধিকার প্রয়োগ করতে হবে। সেই ভোট যেন ধানের শীষ প্রতীকে পড়ে—সে বিষয়ে তিনি সবার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব জনগণের হাতেই রয়েছে। তিনি দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থকে সবার আগে রাখার আহ্বান জানান।