ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে আটক দুই নারী

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৩:৫৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হরিদাসপুর চেকপোস্ট ইমিগ্রেশন (আইসিপি) পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

ফেরত আসা নারীরা হলেন- ঢাকার কামরাঙ্গীরচর এলাকার হাসনায়ারা ওরফে নূপুর (১৮) এবং খুলনার সদর থানার এলাকার ফারজানা আক্তার ওরফে রোকাইয়া (৩৫)।

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, মুম্বাই ও চেন্নাইস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে তাদের ট্রাভেল পারমিট ইস্যু করা হলে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে প্রত্যাবাসনের অনুমতি দেওয়া হয়।

ফেরত আসা নারীরা জানান, কয়েক বছর আগে তারা উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়েছিলেন। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে প্রায় ৮ মাস থেকে ২ বছর পর্যন্ত জেল খাটেন তারা। সাজার মেয়াদ শেষে চেন্নাই ও মুম্বাইয়ের সেল্টার হোমে থাকাকালীন দুই দেশের মানবাধিকার সংস্থা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তারা স্বদেশে ফেরার সুযোগ পান।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাখাওয়াত হোসেন বলেন, ‘ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করেছে। সংস্থাটি তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে।’

‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর যশোর ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম বলেন, ‘দালালের প্রলোভনে পড়ে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন। দীর্ঘ আইনি লড়াই শেষে আজ তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ফেরত আসা দুই নারীকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’