ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

যশোরে ৭ কোটি টাকার স্বর্ণের চালান জব্দ, আটক ২

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৩:২৬ পিএম
ছবি : সংগৃহীত

যশোরে এক অভিযানে ৩১টি স্বর্ণের বার, একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (২০ জুন) ভোরে যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর দপ্তরের ১ নম্বর গেটের সামনে বিশেষ অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৩ কেজি ৬৪১ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৭ কোটি ৬৮ লাখ টাকা।

আটক ব্যক্তিরা হলেন নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের মো. আনিস (৩৬)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক টহল দল একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম, যার আনুমানিক মূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা। এছাড়া জব্দ করা হয়েছে ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেট কার, ৩৬ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করেছিল।

উদ্ধারকৃত স্বর্ণ বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃক পরীক্ষার মাধ্যমে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। জব্দকৃত স্বর্ণ, প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকার মোট বাজারমূল্য ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।

আটক দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত স্বর্ণ ও আসামিদের যশোর কোতোয়ালি থানার মাধ্যমে যশোর ট্রেজারিতে জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।