মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় ভবেরচর বাজারে নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার বেলা ১১টায় উপজেলার ভবেরচর গ্রামীণ বাজারে প্রধান অতিথি হিসেবে ভবনটি উদ্বোধন করেন তিনি।
জানা যায়, বাংলাদেশ সরকারের (জিওবি) অর্থায়নে দেশব্যাপী গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ভবেরচর গ্রামীণ বাজারে এ নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের ১ জুলাই। প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মুন্সীগঞ্জের বাস্তবায়নে আধুনিক এ মার্কেট ভবনের নির্মাণকাজ সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বপ্না কনস্ট্রাকশন লিমিটেড।
উদ্বোধনের মাধ্যমে ভবেরচর বাজারে ব্যবসা-বাণিজ্যের অবকাঠামো আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
বাজারসহ একটি আঞ্চলিক রাস্তা উদ্বোধনের পাশাপাশি মুন্সীগঞ্জ যাবার পথে গজারিয়াবাসীর প্রাণের দাবি ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অচিরেই এ নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে। প্রধান অতিথি আরও বলেন, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন এসেছে ওনি দেখে লোক পাঠাবে, সার্ভে করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী,পুলিশ সুপার মেনহাজুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইমরান আহম্মেদ,গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, মুন্সীগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম এবং প্রকল্প পরিচালক মাহাবুব আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

