জয়পুরহাটের কালাইয়ে ঢাকাগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসের ধাক্কায় ধনেশ্বর মহন্ত (৭০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ধনেশ্বর মহন্ত পেশায় একজন ভিক্ষুক ছিলেন। তিনি কালাই পৌরসভার আওড়া গ্রামের মৃত শ্রী ভবনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ধনেশ্বর মহন্ত পুনটে চাল বিক্রি করে আসার পথে শিমুলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে হানিফ পরিবহনের বাস দ্রুত গতিতে আসার সময় তাকে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কালাই থানার ওসি রফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত এলাকায় উত্তেজিত জনতা হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি আটক করে। খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হানিফ পরিবহনের বাসটি থানা হেফাজতে নেয়।
তিনি আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন