খুলনার বেতগ্রাম-কয়রা আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় পাইকগাছা উপজেলার কপিলমুনি ফকির বাসা মোড়ে সড়ক সরলীকরণের নামে একটি কোটিপতি ব্যবসায়ীর ভবন রক্ষায় সড়ক বাঁকানো হচ্ছে বলে অভিযোগ তুলে ভুল নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর কপিলমুনি মেইন সড়কের ফকির বাসা মোড় এলাকায় আয়োজিত মানববন্ধনে জমির মালিকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সড়কের পাশে অবস্থিত একটি প্রভাবশালী মহলের বাণিজ্যিক ভবন ও দোকানঘর রক্ষার জন্য ইচ্ছাকৃতভাবে ভুল নকশা তৈরি করা হয়েছে। সরকারের কোটি কোটি টাকা ব্যয় করে বাঁক সরলীকরণের কথা বলা হলেও বাস্তবে সড়ক সোজা না হয়ে আরও বাঁকানো হচ্ছে। এর ফলে একটি ডিগ্রি মাদ্রাসাসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বক্তারা আরও বলেন, বর্তমান নকশা অনুযায়ী সড়ক নির্মাণ হলে বাঁক সরলীকরণের পরিবর্তে আরও দুটি ঝুঁকিপূর্ণ বাঁকের সৃষ্টি হবে, যা সরকারি হাসপাতাল ও ডিগ্রি মাদ্রাসার সামনে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি বাড়াবে। কাদের স্বার্থে এই ধরনের ভুল নকশা করা হয়েছে তা বোধগম্য নয়। এটি এলাকাবাসীর সঙ্গে এক ধরনের তামাশার শামিল।
মানববন্ধনে অ্যাডভোকেট দীপংকর সাহা দীপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ ইমদাদুল ইসলাম, মাদ্রাসার জমিদাতা শেখ ইউনুছ আলী, শেখ সাহাবুদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নেতা শেখ আব্দুল কাদের, যুবদল নেতা শেখ বাবু প্রমুখ।
এ ছাড়া জাফর আউলিয়া মসজিদের মুসল্লিদের পক্ষে বক্তব্য রাখেন ডাবলু হোসেন ও মো. আতিয়ার রহমান।
মানববন্ধন থেকে অবিলম্বে ভুল নকশা বাতিল করে সড়ক সরলীকরণ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা এবং বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করা হয়।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন