খুলনার পাইকগাছায় মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর ওয়ার্ড বিএনপির নির্বাচনি পরিচালনা কমিটির উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ডা. মো. আব্দুল মজিদ (এমবিবিএস)। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রথমে আপসহীন, মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। পরে এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের জনগণের কাছে ধানের শীষ মানেই উন্নয়ন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কয়রা-পাইকগাছাবাসীর সেবায় দল মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী। আপনাদের দোয়া ও ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করে অবহেলিত কয়রা-পাইকগাছাবাসীর সেবা করার সুযোগ করে দিন।’
ডা. আব্দুল মজিদ আরও বলেন, ‘বেগম জিয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হাসান বাপ্পীকে বিজয়ী করতে হবে।’
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোনাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক। তিনি বলেন, ‘বেগম জিয়া এ দেশের মাটি ও মানুষের কল্যাণে কাজ করেছেন। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। ধানের শীষের মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বিজয়ী হলেই দেশের মানুষ মুক্তি পাবে এবং পাইকগাছা-কয়রাবাসী একজন সঠিক নেতা পাবেন।’
কপিলমুনি ইউনিয়ন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির সদস্যসচিব সন্তোষ সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও কপিলমুনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু প্রমুখ।
দোয়া পরিচালনা করেন উপজেলা উলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ শেখ মাসুম বিল্লাহ।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন