× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ১২:২৯ পিএম

পাকুন্দিয়া ও নিকলীতে নিখোঁজ দুই দিন পর কৃষক-পর্যটকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ১২:২৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিখোঁজ এক কৃষক এবং নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজ এক পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। 

রোববার (১২ জুলাই) পৃথক দুটি ঘটনায় মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া মোড়ল বাড়ির বাসিন্দা কৃষক সিরাজ মোড়ল (৪৫) গত শুক্রবার সকাল ৮টার দিকে ছেলেকে সঙ্গে নিয়ে একটি ছোট কোষা নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে ঘাস কাটতে যান। ঘাস কেটে ফেরার পথে নদীর মাঝামাঝি এলাকায় নৌকাটি ডুবে গেলে বাবা-ছেলে দুজনই পানিতে পড়ে যান। ছেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সিরাজ মোড়ল নদীর তীব্র স্রোতে তলিয়ে যান।

ঘটনার পর স্থানীয় লোকজন, জেলেরা, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। পরে রোববার সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে একই দিন নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের শফিকুল ইসলাম তুলুর (২৯) মরদেহও উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গত শুক্রবার গাজীপুরের কাপাসিয়া উপজেলা থেকে ২৫ সদস্যের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসে। বিকেলে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় তাদের বহনকারী নৌকার ইঞ্জিন বিকল হলে নৌকা মেরামতের অপেক্ষায় শফিকুল ইসলাম তুলুসহ তিনজন হাওরের পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি গভীর পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার ও শনিবার টানা উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান মেলেনি।

অবশেষে রোববার ভোর ৬টার দিকে কাঁঠালিয়া এলাকার আশপাশে হাওরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি শফিকুল ইসলাম তুলুর বলে শনাক্ত করেন।

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, সিরাজ মোড়লের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

অন্যদিকে নিকলী থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!