কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক কারবারিদের ধরতে গিয়ে তাদের সংঘবদ্ধ আক্রমণে ভেড়মারা থানা পুলিশের কনস্টেবল মো. আলী উজ্জামানের মাথা ফেটে গেছে।
আহত কনস্টেবল উপজেলার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে রয়েছেন বলে জানিয়েছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান।
শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা জুনিয়াদহ ইউনিয়নের মাওলাহাবাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাওলাহাবাসপুরে একটি অভিযান চালান। সেখানে কিছু মাদক কারবারি পুলিশের ওপর আক্রমণ করে এবং এলোপাতাড়ি মারতে থাকে। এতে মো. আলী উজ্জামান গুরুতর আহত হন। তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আরএমও মো. একরামুল হক বলেন, তার মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে রোগী শঙ্কামুক্ত রয়েছেন।
ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, শুক্রবার রাতে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর মাদক কারবারিরা হামলা করেছে। এতে কনস্টেবল আলী উজ্জামান মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পলাতক। এ ঘটনায় শনিবার মামলা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন