ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কালকিনিতে শিক্ষক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৪:১৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

মাদারীপুরের কালকিনিতে শিক্ষক ইমাম হোসেন রাজন শিকদারকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মিলন মোল্লা (৩৮) ঢাকার রাজধানী এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৯ জুলাই) রাতে র‍্যাব ও কালকিনি থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিলন মোল্লা কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের সস্তাল গ্রামের মফেজ মোল্লার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে কিছুদিন আগে শিক্ষক ইমাম হোসেন রাজন শিকদারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় একদল সন্ত্রাসী। হামলায় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষকের পরিবার মিলন মোল্লাকে প্রধান আসামি করে কালকিনি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন জানান, যৌথ অভিযানে ঢাকায় থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে মাদারীপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, শিক্ষক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করছে। তিনি জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।