মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল পাওয়ার গ্রিড স্টেশনে ডাকাতির ঘটনায় আরও চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন: জামালপুর জেলার চিহ্নিত ডাকাত সুজন মিয়া (৩৯), ইসলামপুর উপজেলার রতম শেখ (৩২), কেরানীগঞ্জের বিল্লব হোসেন (৩৮), গাজীপুরের শ্রীপুর উপজেলার হাওলা গ্রামের সোহাগ (২৮), মুন্না মাতবর (৩১), মো. রনি (২০) ও রফিকুল ইসলাম (৩৫)। এ ছাড়া গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজু, আল-আমিন, আব্দুর রহমান, মনির ও শফিক নামে আরও পাঁচ জনকে বিভিন্ন জেলা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় পাওয়ার গ্রিড অব বাংলাদেশের আরিচা ১৩২/১৩৩ কেভি এয়ার ইনসুলেটেড সুইচার সাবস্টেশনে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল সাবস্টেশনে হামলা চালিয়ে বিপুল পরিমাণ তামার তার, কপার মেস, আর্থিং মেস, কপার প্লেটসহ মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রপাতি লুট করে নেয়। এ সময় দায়িত্বরত কর্মীদের জিম্মি করা হয় এবং নিরাপত্তাকর্মীরা গুরুতর আহত হন।
ডাকাতরা পালিয়ে যাওয়ার আগে সাবস্টেশনের সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভাঙচুর করে। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৬০০ কেজি তামার তারসহ বিভিন্ন লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন চক্রবর্তী জানিয়েছেন, অভিযানে সংঘবদ্ধ ডাকাত দলের মোট ১২ সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে পাঁচ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।



