মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে বেশি। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই ভোটারদের কেন্দ্রে আসতে দেখা যায়। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বৃদ্ধি পায় এবং দুপুর পর্যন্ত ব্যাপক সংখ্যক ভোটার শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। অনেক নারী ভোটার পরিবার-পরিজন নিয়ে কেন্দ্রে আসেন। তবে দুপুরের সময় তীব্র রোদ ও খাবারের বিরতির কারণে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কমে যায়। দুপুরের পর পুনরায় ভোটারদের উপস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে এবং শেষ বিকেল পর্যন্ত ভোটারদের আগমন অব্যাহত থাকে।
নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রতিটি কেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে ১১৩টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৮শ ১৬ জন। এর মধ্যে জুড়ী উপজেলার ৪৪টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২১ হাজার ৬শ ৬৩ জন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলায় বিকাল ৪টা পর্যন্ত ভোট প্রদান করা হয়েছে ৫৬ শতাংশ। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মৌলভীবাজার-১ আসনে ২৫টি চা বাগানের প্রায় ৮৬ হাজার চা শ্রমিক ভোটারকে ভোটের ফলাফলের ক্ষেত্রে ফ্যাক্টর হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন